ভারতে কেউই শেখ হাসিনার অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে কেউই তার (শেখ হাসিনা) অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কারণ আমরা তাকে ফেরাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন, যা সমস্যার। তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম; মানুষ এটাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। কেউ এটা পছন্দ করে না।
ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে।’
বাংলাদেশ ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে মূল্যায়ন করে উল্লেখ করে ড. ইউনূস আরও বলেন,
নয়াদিল্লিকে অবশ্যই সেই ন্যারেটিভের বাইরে যেতে হবে যেখানে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থি এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলে চিত্রিত করা হয়।
পিটিআইকে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। প্রায় চার সপ্তাহ ধরে ভারতে তার উপস্থিতি বাংলাদেশে নানা জল্পনা উসকে দিয়েছে। বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে জানিয়েছে কি না জানতে চাইলে ড. ইউনূস বলেছেন, ‘মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার (হাসিনা) চুপ থাকা উচিত।’
জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, সবাই এটা বোঝে। আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুসুলভ আচরণ; তাকে সেখানে (ভারতে) আশ্রয় দেয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। সে স্বাভাবিক নিয়মে সেখানে গেছে, তা কিন্তু নয়।
আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার





